নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
জাতীয়

শিক্ষকদের কষ্টার্জিত জিপিএফ তহবিলে দুর্নীতির থাবা: জবাবদিহি ও দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি

জাকির আহমদ খান কামাল কলামিস্ট ·

শিক্ষকদের কষ্টার্জিত জিপিএফ তহবিলে দুর্নীতির থাবা: জবাবদিহি ও দৃষ্টান্তমূলক শাস্তি জরুরি

বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষকদের জিপিএফ তহবিল থেকে ৯ কোটি ৭৭ লাখ ১১ হাজার ২০০ টাকা জালিয়াতির ঘটনায় চার সাবেক উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ও দুই সাবেক অডিটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, অনলাইন ব্যবস্থায় ভুয়া অগ্রিম বিল তৈরি, ইউজার পাসওয়ার্ড ব্যবহার এবং দীর্ঘ সময় ধরে জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা। একজন কর্মকর্তা একাই ৪ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

শিক্ষকের জিপিএফ বা সাধারণ ভবিষ্যৎ তহবিল কেবল সরকারি হিসাবের একটি অঙ্ক নয়, এটি একজন শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের সঞ্চয়, অবসরজীবনের নিরাপত্তা এবং পরিবারের ভবিষ্যৎ নির্ভরতার প্রতীক। সেই তহবিল থেকে প্রায় ১০ কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়া আমাদের আর্থিক প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

 

প্রশ্ন হলো, এত বিপুল অর্থ বছরের পর বছর কীভাবে জালিয়াতির মাধ্যমে উত্তোলন করা সম্ভব হলো? অডিট, হিসাব যাচাই, ডিজিটাল অনুমোদন ও তদারকির একাধিক স্তর থাকার পরও কেন তাৎক্ষণিকভাবে অনিয়ম শনাক্ত করা গেল না? শুধু অভিযুক্ত ব্যক্তিদের দায়ী করলেই কি প্রাতিষ্ঠানিক দুর্বলতার দায় এড়ানো যাবে?

 

এই ঘটনায় সাময়িক বরখাস্ত যথেষ্ট নয়। অভিযোগের ভিত্তিতে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করা দরকার। আত্মসাৎ করা অর্থ উদ্ধার, অভিযুক্তদের সম্পদের অনুসন্ধান, প্রয়োজনে মামলা দায়ের এবং অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাও জরুরি। একই সঙ্গে তদন্তে যদি ঊর্ধ্বতন কর্মকর্তা, সহযোগী কিংবা তদারকির দায়িত্বে থাকা কারও অবহেলা বা সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাঁদেরও জবাবদিহির আওতায় আনা দরকার।

দুর্নীতি প্রতিরোধে জিপিএফ হিসাবের নিয়মিত ডিজিটাল অডিট, দ্বৈত অনুমোদন ব্যবস্থা, কর্মকর্তা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইউজার অ্যাকসেস বাতিল, শিক্ষকভিত্তিক হিসাব যাচাই এবং এসএমএসের মাধ্যমে লেনদেনের তথ্য জানানো কার্যকর পদক্ষেপ নেয়া যেতে পারে।

শিক্ষকদের সঞ্চয় আত্মসাৎ মানে তাঁদের শ্রম, সততা ও ভবিষ্যৎ নিরাপত্তার ওপর আঘাত। শিক্ষকদের সঞ্চয়ের টাকা কারও ব্যক্তিগত লুটপাটের খাত নয়,এর সুরক্ষা ও জবাবদিহি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

রাষ্ট্রের দায়িত্ব শুধু অর্থের হিসাব উদ্ধার করা নয়, শিক্ষকদের হারানো আস্থাও ফিরিয়ে আনা। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠাই হোক এই ঘটনার প্রকৃত শিক্ষা।

 

লেখক : কলামিস্ট

 

আরও পড়ুন

মন্তব্য করুন