রাজধলা-পুবের রাজবাড়ির ছায়ায় মঙ্গলবাড়ীয়া – ঐতিহ্য বাঁচলে বাজার বাঁচবে
জাকির আহমদ খান কামাল
কলামিস্ট
নেত্রকোণা জেলা শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে পূর্বধলা সদর ইউনিয়নের উত্তর-পশ্চিম কোণে দাঁড়িয়ে আছে এক জলাভূমি,নাম – রাজধলা। যার নামের আড়ালেই লুকিয়ে আছে পূর্বধলা। এসব ঘেঁষেই পুবপর রাজবাড়ির ভগ্নপ্রায় ইট-সুরকি আর তার পাশেই প্রতিদিনের জীবিকার স্পন্দন – মঙ্গলবাড়ীয়া বাজার। বিল, বাড়ি ও বাজার – এই তিনে মিলেই পূর্বধলার সদর ইউনিয়নের প্রাণ। একসময় ওই জায়গাটি ছিল জ্ঞানীগুণী মানুষের আড্ডার প্রাণকেন্দ্র, যেখানে বসে রাজনীতি নিয়ে জমজমাট আলোচনা, বিশ্লেষণ আর তর্ক-বিতর্ক হতো।
ইতিহাস বলে, এই বিলের বিস্তার একশ পঞ্চাশ একর জুড়ে, কোথাও ১৩০ একর হিসেবেও উল্লেখিত। প্রায় ৩০০ বছর আগে এখান দিয়ে বইত কংসের শাখা ধলাই নদী। ১৭৩০ সালের দিকে বরেন্দ্র অঞ্চল থেকে আসা রাজা শ্রী পূর্ণ চন্দ্র সিং এখানে বসতি গড়েন। পরবর্তীতে এলাকাটি সুসঙ্গ পরগনার অধীনে পূর্বধলা, ঘাগড়া, বাঘবেড়, নারায়ণডহর জমিদারদের শাসনাধীন ছিল।
জনশ্রুতি ও স্থানীয় ইতিহাস মতে, প্রশাসনিক প্রয়োজনে প্রজাদের সংস্পর্শে থাকতে ঘাগড়া জমিদাররা খাজনা আদায়ের জন্য বিলের দক্ষিণ পাড়ে কাছারি ও আবাস স্থাপন করেন। বিলের পূর্ব পাড়ে গড়ে ওঠে কমরেড মণি সিংহের পূর্বপুরুষ জমিদার গোপীনাথ সিংহের দশভুজা রাজবাড়ি। রাজ-উপাধির সূত্র ধরেই ডহর বিল হয়ে ওঠে রাজধলা। এই রাজবাড়িরই এক অংশ রাণীদের বসবাসের জন্য নির্মিত হয় – যা আজো স্থানীয়দের মুখে রাণীবাড়ি নামেও পরিচিত।
এই রাজ-কাছারিকে কেন্দ্র করেই গড়ে ওঠে মঙ্গলবাড়ীয়া বাজার। মঙ্গলবারের হাট কিংবা মঙ্গল নামের কোনো প্রভাবশালী ব্যক্তির বাড়িকে কেন্দ্র করে নামকরণ – এমন দুটি মতই প্রচলিত। তবে মূল সত্য হলো, রাজধলা বিলের মাছ, আশপাশের ধান-পাট ও প্রজাদের নিত্যপণ্যের বিনিময় কেন্দ্র হিসেবে বাজারটি জমিদার আমল থেকেই গুরুত্বপূর্ণ ছিল। পূর্বধলা থানা যখন ১৯১৭ সালে পূর্ণাঙ্গ থানা হয়, তখনো এই বাজারই ছিল সদর ইউনিয়নের প্রধান অর্থনৈতিক নোড।
বর্তমানে মঙ্গলবাড়ীয়া বাজার টিকে আছে, কিন্তু ঐতিহ্যের ছায়া ফিকে। একদিকে সাম্প্রতিক সময়ে রাজধলা বিলকে ঘিরে পূর্বধলা সরকারি কলেজ সংলগ্ন পর্যটন পার্ক গড়ে তোলা হয়েছে, অন্যদিকে রাণীবাড়ি ও রাজবাড়ির কোনো সংরক্ষণ নেই, সেই সাথে বাজারের অবকাঠামোও অপরিকল্পিত। বর্ষায় জলাবদ্ধতা, শুকনো মৌসুমে ধুলা, ড্রেনেজ ব্যবস্থার, সমস্যা – যা বাজারের ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে তুলে ধরছেন। রাজধলা বিলের ৫৩ হেক্টর জলাশয় এখন লিজ-ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় চললেও ১৯৯৬ সালের কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থাপনার (CBFM) সুফল থেকে সাধারণ জেলেরা অনেকটা বিচ্ছিন্ন।
মঙ্গলবাড়ীয়াকে শুধু বাজার হিসেবে নয়, হেরিটেজ-ইকোনমি হিসেবে দেখতে হবে। রাজবাড়ির বাড়ির ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিকভাবে চিহ্নিত করা, রাজধলা বিলের পাড়ে হাঁটার পথ ও মাছের আড়তকে আধুনিকায়ন করা, এবং বাজারটিকে পর্যটন পার্কের সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত নকশা করা জরুরি। ঐতিহ্য বাঁচলে বাজার বাঁচবে, আর বাজার বাঁচলেই পূর্বধলা সদরের ইতিহাস বেঁচে থাকবে।



