জাকির আহমদ খান কামাল
কলামিস্ট
একজন শিক্ষক সারা জীবন ধরে শিক্ষার্থীদের জ্ঞানের আলো ছড়ান, গড়ে তোলেন সঠিক পথচলার মানসিকতা। কিন্তু সেই শিক্ষককেই যদি নিজের জীবনের মৌলিক দাপ্তরিক অধিকারের জন্য আমলাতান্ত্রিক জটিলতা, নথিপত্রের ভুলভ্রান্তি এবং অসাধু চক্রের হয়রানির শিকার হতে হয়, তবে তা সমগ্র প্রশাসনিক ব্যবস্থার জন্যই এক বড় প্রশ্নচিহ্ন খাড়া করে। নেত্রকোণার পূর্বধলা উপজেলার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির আহমদ খানের ঘটনাটি তেমনি এক হতাশাজনক বাস্তবতার চিত্র তুলে ধরেন।
পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসর নেওয়ায় ২১ সেপ্টেম্বর ২০১৯খ্রী: পদটি শূন্য হয়। পদটির জন্য সাতজন শিক্ষক আবেদন করেন।
উপজেলা পর্যায়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে গ্রেডেশন তালিকাও তৈরি হয়। আবেদনকারীর দেওয়া তথ্য অনুযায়ী, জ্যেষ্ঠতার ভিত্তিতে তৈরি গ্রেডেশন তালিকায় আমি প্রথম অবস্থানে ছিলাম। ঐ তালিকায় চতুর্থ অবস্থানে থাকা একজন মহিলা শিক্ষককে পদায়নের জন্য সিনিয়র তিন জনের সাথে সমযোতার আলোচনায় ব্যার্থ হয়েছিলেন। এ বিষয়ে অভিযোগ ওঠার পরই তৎকালীন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ওবায়দুল্লাহ আমার বিরুদ্ধে পরবর্তীতে প্রশাসনিক জটিলতা শুরু করেন।
প্রথমেই সামনে আসে চাকরিতে যোগদানের তারিখের প্রশ্ন। আমার চাকুরীতে প্রথম যোগদানের তারিখ ২৭ অক্টোবর ১৯৯৩। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের স্মারক নং নেত্র/২০১৯/২৩১০, তারিখ ০১/০৯/২০১৯-এর পরিপ্রেক্ষিতে স্থায়ীকরণের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু উপজেলা শিক্ষা অফিসের স্মারক নং পূর্ব/নেত্র/২০২১/৩৪৪, তারিখ ২৩/০৩/২০২১-এ পরিকল্পিতভাবে আমার যোগদানের তারিখ ২৭/১১/১৯৯৩ উল্লেখ করা হয়। এর ভিত্তিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০.১৪১.১৩.০৩০.২০২০-১৩৫, তারিখ ১২/১০/২০২১ অনুযায়ী স্থায়ীকরণের তারিখও এক মাস পিছিয়ে দেওয়া হয়।
দ্বিতীয় পর্যায়ে সেই ভুল সংশোধনের আবেদন করলেও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কূটকৌশল ও উপজেলা শিক্ষা অফিসের উদাসীনতায় তা আটকে থাকে। সাধারণ একটি ভুল সংশোধনের নথিতে “২৭১/১০/১৯৯৩খ্রি:”-এর মতো অসম্ভব ও কাল্পনিক তারিখ অন্তর্ভুক্ত করা এবং একই তারিখে (২৭/১০/২০০৫ খ্রি:)দুটি টাইমস্কেলের ভুল হিসাব উপস্থাপন করা কেবল অসাবধানতা নয়, বরং দাপ্তরিক চরম দায়িত্বে অবহেলার বহিঃপ্রকাশ। জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয় গুলো আমলে না নিয়ে বার বার ফাইল ফেরৎ পাঠায়। অনৈতিক সুবিধা দিতে অস্বীকৃতি জানানোয় নথিপত্রে ইচ্ছাকৃত ভুল তথ্য প্রদান এবং অসহযোগিতার যে নজির তৈরি হয়েছে, তা কোনো সুস্থ্য দাপ্তরিক কালচারের অংশ হতে পারে না।
এই ঘটনাটি কোনো একক শিক্ষকের বিচ্ছিন্ন ভোগান্তি নয়, এটি মাঠপর্যায়ের প্রাথমিক শিক্ষা প্রশাসন ও তদারকির দৈন্যদশার এক সুস্পষ্ট প্রতিফলন। নথিপত্র পরিচালনায় উচ্চপদস্থ কর্মকর্তাদের তদারকির অভাব এবং নিম্নপদের কর্মচারী থেকে শুরু করে উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের চরম উদাসীনতা একজন শিক্ষককে চাকুরির শেষ পর্যায়ে চরম মানসিক ও আর্থিক ভোগান্তির দিকে ঠেলে দিয়েছে।
সবচেয়ে অনুতাপের বিষয় হলো, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চাকরিরত অবস্থায় তৎকালীন প্রভাবশালী এমপি মন্ত্রীর ক্ষমতার দাপটে ও ভয়ভীতির মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহসও কেড়ে নেওয়া হয়েছিল। এই লড়াইটি কেবল কোনো একজন ব্যক্তির প্রতিশোধের বিষয় নয়। এটি এমন এক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, যা শিক্ষা ও শিক্ষকের মর্যাদা ধূলিসাৎ করে দেয়।
শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড শক্ত করতে হলে আগে শিক্ষককে তাঁর প্রাপ্য সম্মান ও অধিকার নিশ্চিত করতে হবে। প্রশাসনিক চেয়ারে বসে যারা অন্যায় করেন এবং নিজেদের আক্রোশ মেটাতে অন্যের অধিকার কেড়ে নেন, তাঁদের জন্য এই ঘটনাটি একটি বড় দৃষ্টান্ত হওয়া প্রয়োজন।



