নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়

ইউনেস্কোর মঞ্চে বাংলাদেশ:প্রযুক্তিভিত্তিক শিক্ষা,কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণা

জাকির আহমদ খান কামাল কলামিস্ট ·

ইউনেস্কোর মঞ্চে বাংলাদেশ:প্রযুক্তিভিত্তিক শিক্ষা,কৃত্রিম বুদ্ধিমত্তা ও গবেষণা

প্যারিসে ইউনেস্কো সদর দফতরে আয়োজিত “ডিজিটাল লার্নিং উইক”-এর “টিচার্স অ্যাট দ্য সেন্টার: এজেন্সি, কম্পেটেন্সিস অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ” শীর্ষক প্লেনারি সেশনে শিক্ষার আধুনিকায়ন ও গবেষণা কেন্দ্রিক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বর্তমানে যেকোনো দেশের টেকসই উন্নয়নের জন্য জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তর করা অপরিহার্য, যা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমেই সম্ভব। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রয়োগের এই বৈশ্বিক যুগে তা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যেমন কোনো সুযোগ নেই, শিক্ষাঙ্গনে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ও সুনিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিত করতে হলে শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও বিকল্প নেই। সে লক্ষ্যেই ইতিমধ্যে “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” এবং “মাল্টিমিডিয়া ক্লাসরুম”-এর মতো সময়োপযোগী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

ডিজিটাল যুগের শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের ভূমিকা কেবল চিরাচরিত পাঠদানে সীমাবদ্ধ নেই, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কেরও রূপান্তর ঘটছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রয়োগে নিয়ন্ত্রিত ব্যবহার এখন সময়ের দাবি। কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ করার মাধ্যমে বৈশ্বিক চাহিদামাফিক দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব, যা বিদেশে প্রবাসী কর্মীদের কর্মসংস্থান বাড়াতে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে নতুন মাত্রা যোগ করবে। সেইসাথে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষা শিক্ষায় জোর দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক যোগাযোগের মূল মাধ্যম হিসেবে কাজ করবে।

দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গবেষণার কোনো বিকল্প নেই। তাই আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের শিক্ষার গুরুত্ব ও বর্তমান অগ্রগতি তুলে ধরতে এবং শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইউনেস্কোর মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে এসব ভবিষ্যৎ ভাবনা ও গৃহীত পদক্ষেপের উপস্থাপন আন্তর্জাতিক অঙ্গনে দেশের শিক্ষাব্যবস্থার এক বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। গবেষণানির্ভর শিক্ষা ও প্রযুক্তির সঠিক মেলবন্ধনেই লুকিয়ে আছে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ।

আরও পড়ুন