আজ ২৬ সেপ্টেম্বর সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাসব্যাপী বিশেষ হামের টিকাদান ক্যাম্পেইন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এটি কেবল একটি স্বাস্থ্য কর্মসূচির অংশ নয়, এটি মূলত আগামী দিনের যোগ্য, সুস্থ ও সক্ষম কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলার একটি কৌশলগত বিনিয়োগ।
যেকোনো রাষ্ট্রের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো তার মানবসম্পদ। তবে সাধারণ জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার প্রথম ও প্রধান পূর্বশর্ত হলো প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করা। একটি রোগাক্রান্ত বা শারীরিক ঝুঁকিতে থাকা জাতি কখনো সমৃদ্ধ ভবিষ্যতের নেতৃত্ব দিতে পারে না
“স্বাস্থ্যই সকল সুখের মূল”—এই বাক্যটি ব্যক্তিপর্যায়ে যেমন সত্য, জাতীয় অর্থনীতি ও মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। শৈশবের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ সরাসরি নির্ভরশীল তার প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষার ওপর। হাম ও রুবেলার মতো সংক্রামক ব্যাধি শিশুদের শারীরিক সক্ষমতা বিনষ্ট করে এবং অনেক সময় স্থায়ী প্রতিবন্ধকতা বা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। শৈশবে বারবার রোগে আক্রান্ত শিশু স্কুলে যেমন ঠিকমতো অংশ নিতে পারে না, তেমনি তার মেধা বিকাশের স্বাভাবিক পথও রুদ্ধ হয়ে যায়। ফলে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও সঠিক সময়ে টিকা নিশ্চিত করা না গেলে পরবর্তীতে শিক্ষাগত বা কারিগরি প্রশিক্ষণ দিয়েও তাদের কাঙ্ক্ষিত দক্ষ জনশক্তিতে পরিণত করা কঠিন হয়ে পড়ে।
একটি দক্ষ জাতি গঠনে স্বাস্থ্য খাতে রাষ্ট্রের দায়িত্ব যেমন অপরিসীম, তেমনি দায়িত্ব রয়েছে পরিবার ও সমাজের। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ৩৪ লাখ শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনীয় টিকা মজুদ থাকা সত্ত্বেও যদি সচেতনতার অভাবে কোনো শিশু এই সুবিধা থেকে বঞ্চিত হয়, তবে তা হবে অত্যন্ত পরিতাপের বিষয়। অভিভাবকদের মনে রাখতে হবে, সরকারি ইপিআই শিডিউল মেনে শিশুকে সঠিক সময়ে টিকা দেওয়া কেবল রোগ প্রতিরোধ নয়, বরং সন্তানের ভবিষ্যৎ মেধা ও কর্মক্ষমতা সুরক্ষার প্রথম পদক্ষেপ।
আজকের যে শিশু সুস্থভাবে বেড়ে উঠবে, আগামী দিনে সে-ই শিক্ষা ও প্রযুক্তির আলোয় নিজেকে দক্ষ কারিগর, গবেষক, উদ্যোক্তা বা পেশাজীবী হিসেবে গড়ে তুলবে। দক্ষ জনশক্তি হুট করে গড়ে ওঠে না, এর ভিত্তি স্থাপিত হয় শিশুর শৈশবে। তাই আসুন, সকল বিভ্রান্তি ও অবহেলা দূরে ঠেলে দিয়ে শিশুদের যথাসময়ে টিকাদান কেন্দ্রে নিয়ে আসি। রাষ্ট্রের সুযোগ এবং সচেতন অভিভাবকত্বের সমন্বয়ে প্রতিটি শিশুকে সুস্থ-সবল করে তোলাই হোক আমাদের অঙ্গীকার—যাতে আজকের শিশু আগামী দিনে মেধা ও দক্ষতায় বিশ্ব দরবারে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে।



