রাতের আঁধারে মেইন গেট খুলতেই শিশুসুলভ উচ্ছ্বাসে পা জড়িয়ে ধরার সেই ক্ষণটি থেকে প্রায় তিন বছর ধরে “পান্ডু” ছিল আমাদের সংসারের এক স্নিগ্ধ ছায়া। চেহারায় পান্ডার মতো ছাপ বলেই তার এই নাম। ঘরে আরও সাতটি আশ্রিত বিড়াল থাকলেও—যাদের মাছ, দুধ, ক্যাটফুড কিংবা শীতের উষ্ণ ওয়াটার প্যাকে আগলে রাখত আমার স্ত্রী—পান্ডু ছিল সবার চেয়ে আলাদা। তার চালচলনে ছিল এক মায়াবী কৈশোর, আর অন্যদের প্রতি ছিল নিঃশর্ত স্নেহ।
ভোরের আজানে যখন ঘুমের ওম ছাড়া কঠিন, পান্ডু তখন হয়ে উঠত ফজরের নামাজের নীরব আহ্বায়ক। আমাকে মসজিদে পৌঁছেদিয়ে বারান্দায় শান্ত হয়ে বসে থাকা, কিংবা বারণ সত্ত্বেও মর্নিং ওয়াকে সঙ্গী হওয়া—তার এই আত্মিক যোগ ছিল অবিস্মরণীয়।
সপ্তাহখানেক আগে সেই চেনা পদচারণা হঠাৎ থেমে যায়। চারদিকে হন্যে হয়ে খোঁজার পর পাশের দোকানের একজনের কাছ থেকে এল এক মর্মবিদারক সংবাদ—কয়েক দিন আগে একটি বিড়াল সড়ক দুর্ঘটনায় ক্ষতবিক্ষত হয়ে প্রাণ হারিয়েছে এবং রাস্তার পাশের নিচু জায়গায় ফেলে দেওয়া হয়েছে। সেই থেকে আমি আর আমার স্ত্রী সম্ভাব্য পচাঁ গন্ধের সূত্র ধরে শেষ চিহ্নটুকু খুঁজে ফিরছি, কিন্তু নিষ্ঠুর সময় ও প্রকৃতি হয়তো তার দেহটুকুও আড়াল করে নিয়েছে।
একটি অবলা প্রাণী কীভাবে মানুষের প্রার্থনা, ভোরের পথচলা আর গৃহকোণের প্রতিটি স্পন্দনে এমন গভীর শিকড় গাড়ে, পান্ডু না থাকলে তা অবিশ্বাস্য ঠেকত। শূন্য বারান্দা আর বিষণ্ণ ভোরগুলো আজ কেবল তার স্মৃতিই বুকে জড়িয়ে আছে। পান্ডু, তুই যেখানেই থাকিস, শান্তিতে থাকিস। অজান্তে কখনো কষ্ট দিয়ে থাকলে, তোর সেই নিষ্পাপ চোখে ক্ষমা করে দিস। তোর শূন্যতা চিরকাল অপূরণীয়।


