নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়

স্কুল ফাঁকি দেয় শিক্ষক, নাকি সিস্টেম? শৃঙ্খলার নামে অপমান বন্ধ করে আলোচনায় বসুন

জাকির আহমদ খান কামাল কলামিস্ট ·

গত ২২ জুলাই দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এক নির্দেশনা জারি করেছেন – বিদ্যালয় চলাকালীন কোনো শিক্ষক বেতন তুলতে বা ব্যক্তিগত কাজে বিদ্যালয় ত্যাগ করতে পারবেন না। বেতন তুলতে হবে স্কুল ছুটির পর এটিএম/ডেবিট কার্ড বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে। নির্দেশনায় বলা হয়েছে, কিছু শিক্ষক একযোগে ব্যাংকে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে, কোমলমতি শিশুদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে।

কথাটা আংশিক সত্য। দায়িত্বে অবহেলা কোথাও কোথাও আছে, তা অস্বীকার করার উপায় নেই। শ্রেণিকক্ষ ফেলে দলবেঁধে ব্যাংকে যাওয়ার সংস্কৃতি সমর্থনযোগ্য নয়। শিক্ষার্থীর স্বার্থই সবার আগে, এ নিয়ে কোনো বিতর্ক নেই।

কিন্তু প্রশ্ন হলো পদ্ধতি নিয়ে, দৃষ্টিভঙ্গি নিয়ে। এই নির্দেশনার পরই শিক্ষক সমাজ থেকে যে আর্তনাদ ভেসে এসেছে – তাহলে শিক্ষা অফিসার কি টাকা তুলে বাড়ি বাড়ি পৌঁছে দেবেন?- এই ক্ষোভকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটি কেবল একটি প্রশ্ন নয়, এটি পেশাগত মর্যাদা হারানোর বেদনা।

একজন প্রাথমিক শিক্ষক, যিনি মাস শেষে হাতে গোনা কয়েক হাজার টাকা বেতন পান, যাকে দিয়ে জনশুমারি থেকে ভোটার তালিকা সব করানো হয়, তাঁর আত্মসম্মান কি এতটাই ঠুনকো? একজন অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তা না করে পুরো জেলার হাজার হাজার শিক্ষককে এক কাতারে দাঁড় করিয়ে বিদ্যালয় পালানোর তকমা দেওয়া কি প্রেরণা জোগায়, নাকি মানসিকভাবে বিপর্যস্ত করে?

বাস্তবতাও এই আদেশের বিপরীতে। দিনাজপুরের প্রত্যন্ত চরে, হাওরের পাড়ে কয়টি এটিএম বুথ সচল আছে? গ্রামীণ ব্যাংক শাখায় নেটওয়ার্ক থাকে না, ডেবিট কার্ডে টাকা আটকে যায়, নারী শিক্ষককে সন্ধ্যার পর ৫ কিলোমিটার দূরে বুথে যেতে বলা কতটা নিরাপদ? প্রযুক্তির কথা বলা সহজ, কিন্তু প্রযুক্তির পরিকাঠামো কি আমরা নিশ্চিত করেছি?

আমরা শিক্ষককে ডিজিটাল হতে বলছি, অথচ তাঁকে বিশ্বাস করতে পারছি না। আমরা শৃঙ্খলা চাইছি, কিন্তু তাঁকে সম্মান দিতে ভুলে যাচ্ছি।

সমাধান হঠকারী নিষেধাজ্ঞা নয়। সমাধান হলো সমন্বয়। প্রধান শিক্ষককে ক্ষমতা দেওয়া হোক – জরুরি প্রয়োজনে রোস্টার করে একজনকে অনুমতি দেওয়ার। ব্যাংকগুলোর সাথে সমন্বয় করে স্কুলের কাছাকাছি এটিএম বুথ ও উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা যেতে পারে। সবচেয়ে বড় কথা, শিক্ষকদের সাথে আলোচনা করে, তাদের পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেওয়া হোক।

শিক্ষক জাতি গড়ার কারিগর – এই বাক্যটি কেবল ব্যানারে না রেখে আচরণে প্রমাণ করতে হবে। বেতনের টাকায় আটকে নয়, মর্যাদার প্রশ্নে শিক্ষককে বাঁধতে হবে।

আরও পড়ুন