বর্তমান ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম কেবল ব্যক্তিগত অনুভূতির প্রকাশের মাধ্যমেই সীমাবদ্ধ নেই, এটি এখন রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রচারণার এক প্রধান হাতিয়ার। সম্প্রতি শিক্ষক সংগঠন ও প্রাথমিক শিক্ষা খাতকেন্দ্রিক বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট পর্যালোচনা করলে দেখা যায়—নেতৃত্ব প্রদর্শনের এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। সেখানে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতির খবরের চেয়ে বড় হয়ে ওঠে ফ্রন্ট ক্যামেরায় তোলা নিজেদের সেলফি। নেতৃত্বের বাহার দেখাতে গিয়ে নিজেদের ছবি তুলে পোস্ট করা এবং বড় বড় স্ট্যাটাসে নিজের অবদান জাহির করাই যেন এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
এই “সেলফি কালচার” বা প্রচার সর্বস্বতা নেতৃত্ব সম্পর্কে সমাজে একটি গভীর প্রশ্নের জন্ম দেয়। একজন সত্যিকারের নেতার কাজ কি বারবার নিজেকে ক্যামেরার সামনে আনা, নাকি নেপথ্যে থেকে সহকর্মীদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে নিবেদিত হওয়া? ছবিতে দেখা যায়, নেতারা নিজেদের তোলা সেলফিতেই ব্যস্ত, এমনকি একটি প্রফেশনাল ছবি তুলে দেওয়ার মতো সাধারণ কর্মী বা সহযোগীও যেন তাদের পাশে নেই। এই ছোট বিষয়টি মূলত একটি বড় সত্য ফুটিয়ে তোলে—যা হলো নেতৃত্বের সাথে তৃণমূলের দূরত্ব এবং কাজের চেয়ে প্রচারকে প্রাধান্য দেওয়ার সংস্কৃতি।
সমাজমাধ্যমে এ ধরনের পোস্ট ঘিরে সাধারণ কর্মী বা শিক্ষকদের মধ্যে তৈরি হয়েছে তীব্র মিশ্র প্রতিক্রিয়া। কমেন্ট সেকশন বিশ্লেষণ করলে দুটি ভিন্ন ধারা স্পষ্ট হয়ে ওঠে:-
চাটুকারিতা ও অন্ধ সমর্থন: একদল অনুসারী সব পরিস্থিতিতেই নেতাদের প্রশংসা ও চাটুকারিতায় মেতে থাকেন। কাজের বাস্তবিক ফলাফল যাই হোক, নেতাদের খুশি রাখাই যেন তাঁদের একমাত্র লক্ষ্য।
হতাশা ও গঠনমূলক সমালোচনা: অন্যদিকে, সাধারণ শিক্ষকেরা দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত মর্যাদা বা গেজেট বাস্তবায়নের অপেক্ষায় থেকে ধৈর্য হারিয়ে ফেলেছেন। ফলে প্রচারসর্বস্ব পোস্ট দেখে অনেকেই খোঁচা দিয়ে বলছেন, “ছবি ও স্ট্যাটাস না দিয়ে কাজের আপডেট প্রদানই শ্রেয়।”
ডিজিটাল যুগে প্রদর্শনবাদিতা সহজ হলেও মানুষের আস্থা অর্জন করা কঠিন। সমাজমাধ্যমে চাটুকারদের হাততালিতে আত্মতুষ্টি পাওয়ার সুযোগ থাকলেও সাধারণ মানুষের বিবেকভিত্তিক সমাজ কিন্তু কাজের ফলাফল দেখেই নেতার মূল্যায়ন করে।
প্রকৃত নেতৃত্বের পরিচয় সেলফিতে বা সামাজিক যোগাযোগমাধ্যমের লাইক-কমেন্টে নয়, নেতৃত্বের স্বার্থকতা লুকিয়ে থাকে নিষ্ঠা, ফলপ্রসূ কর্মধারা এবং অনুসারীদের সমস্যার স্থায়ী সমাধানের মধ্যে। নেতারা যখন সোশ্যাল মিডিয়ার ক্ষণস্থায়ী প্রচার থেকে বের হয়ে বাস্তবভিত্তিক ও স্বচ্ছ কাজে মনোযোগ দেবেন, তখনই তাঁদের প্রতি সাধারণ মানুষের সত্যিকারের শ্রদ্ধা ও আস্থা ফিরে আসবে।



