প্রাথমিক শিক্ষা পদক কোনো করুণার দান নয়,এটি তৃণমূলে পড়ে থাকা একজন শিক্ষক, একজন কর্মকর্তার একজন কর্মচারীর সারা জীবনের সাধনার রাষ্ট্রীয় স্বীকৃতি। সেই স্বীকৃতি যখন মিথ্যা তথ্য, তথ্য গোপন আর তদবিরের ফাইলে বন্দি হয়ে যায়, তখন তা আর ব্যক্তিগত প্রতারণা থাকে না, রাষ্ট্রীয় পুরস্কার ব্যবস্থার ওপরই আঘাত হয়ে দাঁড়ায়। খুলনা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের দেশসেরা হওয়ার শ্রেষ্ঠত্ব বাতিলের ঘটনা সেই আঘাতেরই সামিল।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশের ৬৪ জেলার মধ্যে সেরা হওয়ার প্রতিযোগিতায় তিনি পতিত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন হওয়া, তাদের এজেন্ডা বাস্তবায়নের তথ্য গোপন করে, শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। একই সঙ্গে জুলাই বিপ্লবের চেতনা ও অংশগ্রহণের তথ্যও তিনি কৌশলে অনুপস্থিত রেখেছেন। প্রশ্ন হলো, এতগুলো ফিল্টার, এতগুলো যাচাই-বাছাই পেরিয়ে একজন বিতর্কিত ব্যক্তি কীভাবে দেশসেরার মুকুট পর্যন্ত পৌঁছে যান? তাহলে যাচাই কমিটি কী দেখছিলেন?এখানে আমি শুধু উনার শিক্ষাগত
যোগ্যতার বিষয়ে আলোকপাত করতে চাই। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি উপসচিব কবির উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে ৫৮ জন উপজেলা/শিক্ষা অফিসারের দ্বিতীয় শ্রেণির বিএড ডিগ্রি বা ডিপ্লোমা ইন এডুকেশন না থাকায় তাদের বিভাগীয় পদোন্নতি আটকে দেওয়া হয়। অথচ একই যোগ্যতা না থাকার পরেও শেখ অহিদুল আলম পদোন্নতি পেয়েছিলেন।
তবে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মানতে নারাজ। নিজের শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে তিনি বলেন, “এমএড ডিগ্রি থাকলে বিএড আছে কিনা এটা কোনো বিষয় না। আমাদের ব্যাচে ১৩৭ জনের একযোগে পদোন্নতি হয়েছিল। খোঁজ নিয়ে দেখেন সেখানে কতজনের বিএড ছিল না। আমার বিএড-এর থেকেও উচ্চতর এমএড ডিগ্রি তো আছেই। তাই আমার পদোন্নতি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই।”
খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলমের দাবি, এমএড ডিগ্রি থাকলে বিএড না থাকাও পদোন্নতির ক্ষেত্রে কোনো সমস্যা নয় এবং একই ব্যাচে পদোন্নতিপ্রাপ্ত ১৩৭ জনের মধ্যেও অনেকের বিএড ছিল না। ৫৮ জন উপজেলা/থানা শিক্ষা অফিসারের দ্বিতীয় শ্রেণির বিএড ডিগ্রি বা ডিপ্লোমা ইন এডুকেশন না থাকায় তাদের পদোন্নতি হয়নি।
কিন্তু প্রশ্ন হলো, কোনো ব্যক্তির দাবি নয়, সরকারি চাকরিতে পদোন্নতির বৈধতা নির্ধারিত হয় প্রচলিত আইন, বিধিমালা ও সরকারি পরিপত্রের আলোকে। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত স্পষ্টভাবে জানানো—পদোন্নতির সময় কার্যকর বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কী ছিল, এমএড ডিগ্রি কি সত্যিই বিএড-এর বিকল্প হিসেবে আইনগত স্বীকৃতি পায়, বিভাগীয় পদোন্নতি কমিটি কোন বিধান ও নথির ভিত্তিতে তাঁর পদোন্নতির সুপারিশ ও অনুমোদন দিয়েছে, এবং তাঁর উল্লেখ করা ১৩৭ জনের পদোন্নতিও একই আইনি কাঠামোর মধ্যেই সম্পন্ন হয়েছিল কি না। এই তালিকা থেকে আরও কাউকে শ্রেষ্ঠত্বের তিলক পড়ানো হয়েছে কি না? ৫৮ জন উপজেলা/থানা শিক্ষা অফিসারের দ্বিতীয় শ্রেণির বিএড ডিগ্রি বা ডিপ্লোমা ইন এডুকেশন না থাকায় পরবর্তীতে তাদের পদোন্নতি হয়েছে কি না?
শুধু শ্রেষ্ঠত্ব বাতিল করাই যথেষ্ট নয়। জনগণ জানতে চায়, মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রকে বিভ্রান্ত করার দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় কী ব্যবস্থা নেওয়া হলো? যারা যাচাই না করে তাকে দেশসেরা বানালেন, তাদের জবাবদিহি কোথায়?
এ ঘটনা বিচ্ছিন্ন নয়, এটি একটি সংস্কৃতির বহিঃপ্রকাশ। আমাদের পুরস্কার ব্যবস্থা দীর্ঘদিন ধরে ফাইল-সর্বস্ব, তদবির-নির্ভর। কে কত সুন্দর করে নিজেকে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে পারে, কে কত নিখুঁতভাবে অতীত গোপন করতে পারে বর্তমানের সাথে নিজেকে খাপখাওয়াতে পারে, সেটাই যেন শ্রেষ্ঠত্বের মাপকাঠি। মাঠের কাজ, শিশুদের ঝরে পড়া রোধ, শিক্ষকদের নেতৃত্ব দেওয়ার মতো আসল মানদণ্ড আড়ালে পড়ে যায়।
এসব বিতর্কের অবসান ঘটানোর সবচেয়ে গ্রহণযোগ্য উপায় হলো সংশ্লিষ্ট বিধি, পরিপত্র, পদোন্নতি কমিটির কার্যবিবরণী এবং প্রাসঙ্গিক নথি জনসমক্ষে উপস্থাপন করা। কারণ, জনসেবার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাখ্যা নয়, রাষ্ট্রের আইন ও প্রামাণ্য নথিই চূড়ান্ত সত্যের মানদণ্ড।



