আমাদের সমাজে কিছু মানুষ আছেন, যাদের নাম শুনলেই মনে হয়—এ যেন সততা, শিষ্টতা আর আদর্শের এক জীবন্ত প্রতিমা। দীর্ঘ চাকরি জীবনে যিনি উপজেলার পর উপজেলা,জেলার পর জেলা ঘুরে শিক্ষা প্রশাসনের দায়িত্ব পালন করেছেন, পুরস্কারও পেয়েছেন শ্রেষ্ঠত্বের—তাকে নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়। সবাই মনে করে, তিনি যেন নৈতিকতার পাঠ্যবইয়ের প্রথম অধ্যায়।
কিন্তু মানুষ তো শেষ পর্যন্ত মানুষই—পাঠ্যবই নয়!
শোনা গেল, অবসর জীবনের দরজায় দাঁড়িয়ে সেই সজ্জন সাহেবের জীবনে এক অদ্ভুত অধ্যায় খুলে গেছে। এতদিন যিনি শিক্ষক-শিক্ষিকাদের নৈতিকতার কথা শোনাতেন, অফিস মিটিংয়ে শুদ্ধ আচরণের উপদেশ দিতেন, তিনিই নাকি হঠাৎ করে “নারীপ্রেমের বিশেষজ্ঞ” হয়ে উঠেছেন!
বিষয়টা এমন দাঁড়িয়েছে—যে মানুষটি সারা জীবন স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে ব্যস্ত ছিলেন, তিনি নিজেই এখন নিজের জীবনের ক্লাসে একটু গোলমাল করে ফেলেছেন। যেন দীর্ঘ কর্মজীবনের শেষে এসে তিনি মনে করলেন—”আচ্ছা, এতদিন তো শুধু নীতিকথা বললাম, এবার একটু বাস্তব পরীক্ষা দিয়ে দেখি!”
সহকর্মীরা অবাক হয়ে বলেন, “স্যার তো সবসময় বলতেন—চরিত্রই মানুষের আসল সম্পদ!”
এখন তারা একটু হাসি চাপতে চাপতে যোগ করেন, “সম্ভবত স্যার ভাবছেন, সম্পদেরও মাঝে মাঝে বৈচিত্র্য দরকার।”
আসলে ঘটনাটা অনেকটা সেই ছাত্রের মতো, যে সারাবছর ক্লাসে প্রথম হয়, কিন্তু পরীক্ষার শেষ দিনে হঠাৎ করে খাতা ফাঁকা রেখে আসে। শিক্ষকরা তখন বলেন—”এত ভালো ছাত্র হয়ে এমন ভুল করলে কেন?”
জীবনের পাঠও ঠিক তেমনই। সারা জীবন সততার পাঠ পড়ালেও শেষ অধ্যায়ে যদি একটু দুষ্টুমি ঢুকে পড়ে, তাহলে গল্পটা আর ইতিহাস থাকে না—রম্যরচনায় পরিণত হয়।
তাই অনেকে মজা করে বলেন, স্যার শিক্ষা বিভাগে বহু পাঠ দিয়েছেন ঠিকই, তবে অবসরের আগে জীবনের এক নতুন পাঠও দিয়ে গেলেন—
মানুষ যত বড়ই হোক,সজ্জন সাহেব’দের হৃদয়ের সিলেবাস কখনো পুরোপুরি শেষ হয় না!



