নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়

শিক্ষকের যে হাত মানুষ গড়ে, সেই হাত আজ অসহায় – “শিক্ষক সুরক্ষা আইন” এখনই চাই

জাকির আহমদ খান কামাল প্রধান শিক্ষক( অবঃ) কলামিস্ট ·

শিক্ষকের যে হাত মানুষ গড়ে, সেই হাত আজ অসহায় – “শিক্ষক সুরক্ষা আইন” এখনই চাই

চক হাতে যে মানুষটি জাতির ভবিষ্যৎ লেখেন, আজ তাঁর নিজের ভাগ্যটাই সবচেয়ে অনিরাপদ। ক্লাসরুমে পড়ানোর সময় ছাত্রের হাতে লাঞ্ছিত হচ্ছেন শিক্ষক, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে হেনস্তার শিকার হচ্ছেন অধ্যাপক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে চলছে অশ্লীল ট্রল। চুয়াডাঙ্গায় শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদে জামালপুরে শিক্ষকরা মানববন্ধন করে অবিলম্বে শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এখন প্রতিদিনের বাংলাদেশ।

কেন আজ শিক্ষক এত অসহায়? কারণ রাষ্ট্রের আইনের খাতায় তাঁর সুরক্ষার জন্য আলাদা কোনো পাতাই নেই। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ কিংবা শ্রম মন্ত্রণালয়ের পেশাগত স্বাস্থ্য ও সেফটি নীতিমালার কোথাও শিক্ষকদের অধিকার ও সুরক্ষার কথা স্পষ্ট করে বলা নেই। একজন শ্রমিকের কর্মক্ষেত্রে নিরাপত্তা আছে, কিন্তু একজন শিক্ষকের নেই। তিনি স্কুল কমিটির রাজনীতির কাছে জিম্মি, স্থানীয় প্রভাবশালীর রোষানলের শিকার, অভিভাবকের চোখ রাঙানিতে নত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকের নিরাপত্তাহীনতা কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রের ভিত্তি ও আইনগত কাঠামোর ওপর চরম আঘাত। গত ডিসেম্বর ২০২৫ এ রাজশাহীসহ শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের প্রকাশ্যে হেনস্তার ঘটনা তারই প্রমাণ।

মনে রাখতে হবে, শিক্ষকরা কেবল পাঠদান করেন না, তারা একটি জাতির নৈতিক মেরুদণ্ড গড়ে তোলেন। শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ন হওয়া মানেই রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়া। যখন ছাত্র তার শিক্ষকের গায়ে হাত তোলে এবং তার কোনো বিচার হয় না, তখন একটি প্রজন্ম শেখে যে জ্ঞান নয়, জোরই শ্রেষ্ঠ। যে জাতি শিক্ষককে কাঁদায়, সে জাতি আগামী পঞ্চাশ বছরের জন্য কাঁদার বীজ বপন করে।

তাই আজ আর মানববন্ধন বা নিন্দা প্রস্তাবে হবে না, প্রয়োজন একটি পূর্ণাঙ্গ শিক্ষক সুরক্ষা আইন। এই আইনে যা থাকতেই হবে:

১. শিক্ষকের বিরুদ্ধে শারীরিক হামলা, গালিগালাজ, সামাজিক মাধ্যমে মানহানি ও মিথ্যা মামলা হবে অজামিনযোগ্য অপরাধ।

২. প্রতিটি ঘটনার জন্য ৯০ দিনের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করতে হবে।

৩. শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ, শ্রেণিকক্ষে অপমান বা রাজনৈতিকভাবে ব্যবহারের বিরুদ্ধে সুরক্ষা দিতে হবে।

৪. এর পাশাপাশি একটি বাধ্যতামূলক শিক্ষার্থী আচরণবিধি প্রণয়ন করতে হবে, যাতে শিক্ষার্থীও বোঝে অধিকার ও শৃঙ্খলার সীমা।

শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, শিক্ষা বাঁচলে দেশ বাঁচবে। শিক্ষকদের আর করুণা নয়, প্রয়োজন আইনি ঢাল। রাষ্ট্রকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষককে সুরক্ষা দেবে, নাকি জাতির ভবিষ্যৎকে অনিরাপদ রেখে দেবে।

আরও পড়ুন