অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, তরুণী কন্যা আগামী এবং মাত্র ১২ বছরের শিশু আয়ুশ—চারটি তাজা প্রাণের এই নৃশংস ও নির্মম অবসান কেবল একটি নৃশংস হত্যাকাণ্ড নয়, এটি আমাদের সমাজের নিরাপত্তার ভঙুর চিত্র এবং মানবিক মূল্যবোধ পতনের এক বিভৎস দলিল।
একটি শান্ত নিভৃত আবহে হঠাৎ নেমে আসা পশতু অন্ধকার কীভাবে আস্ত একটি পরিবারকে মুছে দিতে পারে, রংপুর নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকা আজ তার নিঃশব্দ সাক্ষী।
শিক্ষকতা পেশার প্রবীণ ব্যক্তিত্ব, যিনি জীবনের বড় একটি সময় আলো ছড়িয়েছেন, তাঁর পরিবারের এমন পরিণতি সচেতন প্রতিটি মানুষের বিবেককে নাড়া দিয়েছে।
যে বাড়িতে একসময় বইয়ের পাতা ও শৈশবের হাঁকডাক ধ্বনিত হতো, সেখানে এখন জমাট বাঁধা রক্তের বিষাদ আর নীরব কান্না। মাছুয়াপাড়ার এই চার খুনের ঘটনায় যে প্রশ্নগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে, তা কেবল অনুসন্ধিৎসা নয়, বিচার নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি। ক্রাইম সিনের আলামত নষ্ট হওয়া কিংবা সুরতহাল ও সিসিটিভি ফুটেজ কেন্দ্রিক নানা গুঞ্জন জনমনে আস্থার সংকট তৈরি করেছিল। এই প্রেক্ষাপটে রংপুর মহানগর পুলিশের নতুন কমিশনার মাহবুবুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করে পেশাদারিত্বের সঙ্গে প্রতিটি প্রশ্নের জবাব খোঁজার ও সঠিক তদন্তের যে আশ্বাস দিয়েছেন, তা কিছুটা হলেও মানুষকে আশান্বিত করেছে।
তদন্ত একটি জটিল প্রক্রিয়া, যা অনুমান বা আবেগের ওপর নয়—চলা উচিত অকাট্য সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে। আলামত সংরক্ষণ থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম ক্লু উদ্ধার করে চার্জশিট গঠন পর্যন্ত স্বচ্ছতা বজায় রাখা পুলিশের প্রাথমিক দায়িত্ব। কারণ, এই ধরনের চাঞ্চল্যকর মামলায় বিচারিক প্রক্রিয়ার কোনো একটি ফাঁকফোকর পার পেয়ে গেলে তা ভবিষ্যতে অপরাধিদের আরও দুঃসাহসী করে তোলে। অপরাধীর পরিচয় বা তার ধরণ যাই হোক না কেন, তাদের আইনের মুখোমুখি দাঁড় করানোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান পরীক্ষা।
বিচারহীনতার সংস্কৃতি নাকি সুবিচারের প্রতিষ্ঠা—মাছুয়াপাড়ার এই চার খুনের তদন্ত আমাদের সে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের স্মৃতি যেন কেবল পত্রিকার পাতার খবরে বা পুলিশের কেস ফাইলেই হারিয়ে না যায়। নিভে যাওয়া চার প্রাণের আত্মার শান্তি হোক, আর এই নির্মমতার পেছনের প্রতিটি মুখ বেরিয়ে আসুক আলোর নিচে।
জাকির আহমদ খান কামাল
কলামিস্ট



