নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়

ব্যবহারিক ভাষা শালীনতা ও ভদ্রতা: মানুষের ভেতরের রূপক

জাকির আহমদ খান কামাল কলামিস্ট ·

ব্যবহারিক ভাষা শালীনতা ও ভদ্রতা: মানুষের ভেতরের রূপক

সমাজবিকাশের দীর্ঘ যাত্রায় মানুষের রূপ-রং পাল্টেছে, সভ্যতার ধরন বদলেছে। কিন্তু যা কিছু মানুষকে চতুষ্পদ জীব থেকে আলাদা করে একটি উন্নত শৃঙ্খলায় দাঁড় করিয়েছে, তার মূলে রয়েছে মার্জিত আচরণ ও মূল্যবোধ। আধুনিকতার এই উৎকর্ষের যুগে এসেও প্রায়শই একটি ভ্রান্ত ধারণার মুখোমুখি হতে হয়—শালীনতা বোধহয় দুর্বলতারই অপর নাম। অথচ বাস্তব সত্য হলো, শালীনতা কখনোই দুর্বলতা নয়, বরং তা একজন মানুষের সুসভ্য মানসিকতার চূড়ান্ত পরিচায়ক।

আমাদের দৈনন্দিন জীবনযাপনে নম্রতা ও ভদ্রতাকে অনেক সময় অসহায়ত্ব হিসেবে গণ্য করার প্রবণতা দেখা যায়। সহনশীল মানুষকে সুযোগসন্ধানীরা অনুদার মনে করলেও, প্রকৃতপক্ষে নম্রতা হলো ব্যক্তিত্বের রুচি ও অভিরুচির আসল ধারক-বাহক। একজন মানুষ ভেতর থেকে কতটা পরিশীলিত, তার উত্তর মেলে তার ব্যবহারের বিনয়ে। অন্যদিকে, অসভ্যতা ও বর্বর আচরণকে যারা ক্ষমতার দাপট বা ব্যক্তিত্ব ভাবেন, তারা মূলত নিজেদের জরাজীর্ণ ও অনুর্বর মানসিক সক্ষমতাকেই প্রকাশ করে ফেলেন। চিৎকার, গালিগালাজ কিংবা আগ্রাসী মনোভাব কোনো শক্তিমত্তা নয়, বরং তা নিজের দুর্বলতা ঢাকার ব্যর্থ চেষ্টা মাত্র।

ভাষার ব্যবহারে মানুষের প্রকৃত মানদণ্ড নির্ধারিত হয়। ব্যক্তির ব্যবহারিক ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা তার চরিত্র ও রুচির অলঙ্কার স্বরূপ। এই অলঙ্কারই অনায়েসে জানান দেয় একজন মানুষ সামাজিকভাবে কতখানি সম্মানীয় এবং তার আত্মিক মান কতটা উচ্চে। দামি পোশাক বা বাহ্যিক চাকচিক্য যা করতে পারে না, একটি সুন্দর ও মার্জিত শব্দ চয়ন মুহূর্তের মধ্যে সেই সম্মান এনে দেয়।

প্রকৃত ব্যক্তিত্বের পরীক্ষা হয় ক্ষমতার প্রয়োগে। নিকটস্থ কিংবা অধীনস্থদের ওপর ভয়-ভীতি বা ত্রাসের রাজত্ব কায়েম করে কখনোই শ্রদ্ধার আসন লাভ করা যায় না। শক্তি প্রদর্শনে সাময়িক আনুগত্য মিললেও তা স্থায়ী সম্মান বয়ে আনে না। উদারতা ফুটে ওঠে নিকটস্থ কিংবা অধীনস্থদের প্রতি সহনশীল ও মানবিক শালীন আচরণে।

সভ্যতা কোনো ইট-পাথরের অট্টালিকা নয়, সভ্যতা বাস করে মানুষের মগজে ও আচরণে। রূঢ়তাকে পাশ কাটিয়ে শালীনতা ও মার্জিত ব্যবহারকে আপন করে নেওয়ার মাধ্যমেই একটি সুন্দর, বাসযোগ্য এবং প্রকৃত অর্থে সুসভ্য সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন