নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়

বিউটি পালের ভিডিও: মন্ত্রীর ইতিবাচক অবস্থান বনাম আমলাতান্ত্রিক জড়তা

জাকির আহমদ খান কামাল প্রধান শিক্ষক (অবঃ) ও কলামিস্ট ·

বিউটি পালের ভিডিও: মন্ত্রীর ইতিবাচক অবস্থান বনাম আমলাতান্ত্রিক জড়তা

সাম্প্রতিক সময়ে এক শিক্ষিকার বিউটি পালের ভিডিও প্রকাশকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবং পরবর্তীতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্ত কমিটি গঠন না করার সিদ্ধান্ত আমাদের প্রাতিষ্ঠানিক সংস্কৃতি ও সাধারণ মানসিকতার এক চমৎকার প্রতিফলন ঘটায়। প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে জেলা শিক্ষা বিভাগ তদন্ত করার উদ্যোগ নিলেও, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ইতিবাচক অবস্থান এবং “এ ঘটনায় অন্যায় কিছু দেখছেন না”—এমন মন্তব্যের পর স্থানীয় প্রশাসন তদন্ত থেকে সরে আসে। প্রশাসনিক কর্মকর্তাদের এই আকস্মিক অবস্থান পরিবর্তন এবং ঘটনাটির প্রতি সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেবল একটি সাধারণ খবরের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের সমাজের ব্যক্তিগত স্বাধীনতা ও পেশাগত জীবনের সীমানা পুনর্নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এনেছে।

সামাজিক মাধ্যমে এ সংক্রান্ত নিউজের মন্তব্যগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সর্বসাধারণের বড় একটি অংশ শিক্ষা কর্মকর্তা ও মন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সাধারণ নেটিজেন ও শিক্ষকদের মতে, একজন শিক্ষকেরও ব্যক্তিগত জীবন এবং নিজের মতো করে স্বাধীনভাবে সময় কাটানোর অধিকার রয়েছে। বিউটি পালের গাওয়া বা কোনো স্বাভাবিক কাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কোনো অপরাধ কিংবা পেশাগত নৈতিকতার লঙ্ঘন হতে পারে না। মন্তব্যকারীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, যেখানে দেশে বহু গুরুতর সামাজিক ও আইনশৃঙ্খলাজনিত অপরাধ ঘটে চলেছে, সেখানে একজন শিক্ষিকার সাধারণ ভিডিও নিয়ে তদন্তের আয়োজন কতটা যৌক্তিক? এটি স্পষ্ট করে যে, অপ্রয়োজনীয় প্রশাসনিক হয়রানি ও অতি-উৎসাহী নজরদারির প্রতি সাধারণ মানুষের তীব্র অসন্তোষ রয়েছে।

তবে এই ঘটনার আরেকটি দিক চিন্তার খোরাক যোগায়। জেলা শিক্ষা কর্মকর্তা প্রথমে নিজেই তদন্তের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের (প্রতিমন্ত্রী) এক মন্তব্যের পর তিনি তার অবস্থান পরিবর্তন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সচেতন নাগরিক এই বিষয়টি চিহ্নিত করেছেন—কেন প্রশাসনিক কর্মকর্তাদের নিজস্ব প্রজ্ঞা ও আধুনিক চিন্তার অভাব থাকবে, যেখানে প্রতিমন্ত্রীর মন্তব্য ছাড়া তারা সঠিক ও অযৌক্তিক বিষয়ের পার্থক্য করতে পারেন না?

একজন শিক্ষকের দায়িত্ব যেমন শ্রেণীকক্ষে মানসম্মত শিক্ষা প্রদান করা, তেমনি কর্মঘণ্টার বাইরে নিজের ব্যক্তিগত জীবন পরিচালনা করা তার মৌলিক অধিকার। কথায় কথায় শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের “তদন্তের ভয়” দেখানো বা তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা শিক্ষার গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এই ঘটনাটি মূলত বার্তা দেয় যে, তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের আমলাতান্ত্রিক ও সামাজিক দৃষ্টিভঙ্গি আরও সহনশীল, আধুনিক এবং প্রগতিশীল হওয়া জরুরী। অহেতুক বিষয় নিয়ে জলঘোলা না করে শিক্ষার মূল উন্নয়ন ও শিক্ষকদের নিরাপত্তায় মনোযোগ দেওয়াই সময়ের দাবি।

আমরা চাই, এই ঘটনা শেষ উদাহরণ হোক। তদন্তের নামে হয়রানির সংস্কৃতি বন্ধ করে শিক্ষা প্রশাসন শিক্ষকদের জন্য একটি সুস্পষ্ট, মানবিক ও যুগোপযোগী সোশ্যাল মিডিয়া গাইডলাইন করুক। অগ্রাধিকার হোক শিক্ষার গুণগত মান, শিক্ষকের নিরাপত্তা ও মর্যাদা – কোনো বিউটির ভিডিও নয়।

আরও পড়ুন