একটি রাষ্ট্র তার শিক্ষকদের যেভাবে মূল্যায়ন করে, সেটিই তার ভবিষ্যৎ সম্পর্কে সবচেয়ে বড় বার্তা বহন করে। দুঃখজনক হলেও সত্য, সাম্প্রতিক সময়ে প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিং কর্মসূচির রুটি, কলা ও ডিম বিতরণকে কেন্দ্র করে যেভাবে শিক্ষকদের জনসমক্ষে হেয়প্রতিপন্ন করা হচ্ছে, তাতে মনে হচ্ছে প্রকৃত সমস্যার সমাধানের পরিবর্তে দায় চাপানোর সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন শিক্ষকরা।
মূল প্রশ্ন হলো, শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শেষে অবশিষ্ট পচনশীল খাদ্যসামগ্রী কীভাবে সংরক্ষণ বা নিষ্পত্তি করা হবে—এ বিষয়ে কি সুস্পষ্ট সরকারি নির্দেশনা রয়েছে? যদি না থাকে, তবে মাঠপর্যায়ের শিক্ষক বা প্রধান শিক্ষককে এককভাবে অভিযুক্ত করা কতটা যৌক্তিক? নীতিগত শূন্যতার দায় কখনোই এককভাবে কোনো শিক্ষকের কাঁধে চাপানো যায় না। প্রশাসনিক দুর্বলতা, নীতিগত অস্পষ্টতা এবং তদারকির সীমাবদ্ধতা আড়াল করে কেবল শিক্ষককে অভিযুক্ত করা সমস্যার সমাধান নয়, বরং তা ব্যবস্থার ব্যর্থতাকে আড়াল করার কৌশল হয়ে উঠতে পারে।
অবশ্যই সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি হওয়া উচিত। কিন্তু অভিযোগ আর অপরাধ এক বিষয় নয়। নিরপেক্ষ তদন্তের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহনন, গণবিচারের পরিবেশ সৃষ্টি কিংবা প্রশাসনিকভাবে তড়িঘড়ি সাময়িক বরখাস্ত—এসব ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। বিচারহীনতার যেমন বিপদ আছে, তেমনি বিচারপূর্ব শাস্তির সংস্কৃতিও আইনের শাসনের জন্য সমান ক্ষতিকর।
আরও উদ্বেগের বিষয়, শিক্ষক অপমানের ঘটনায় শিক্ষক সংগঠন, স্থানীয় শিক্ষা প্রশাসন এবং নীতিনির্ধারণী মহলের দৃশ্যমান ও কার্যকর অবস্থান অনেক ক্ষেত্রেই অনুপস্থিত। একজন শিক্ষক যখন অপমানিত হন, তখন তা কোনো ব্যক্তিগত ঘটনা থাকে না, তা পুরো শিক্ষক সমাজের পেশাগত মর্যাদা এবং রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার ওপর আস্থাকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের ঘটনায় দায়িত্বশীল প্রতিষ্ঠানের নীরবতা ভবিষ্যতে আরও বড় সংকটের জন্ম দিতে পারে।
এ ঘটনার আরেকটি দিকও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থায় অযাচিত প্রভাব, ব্যক্তিস্বার্থ কিংবা স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব যদি প্রশাসনিক সিদ্ধান্তকে প্রভাবিত করে, তবে ক্ষতিগ্রস্ত হয় শিক্ষা পরিবেশ। তাই যেকোনো অভিযোগের ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত, তথ্যভিত্তিক সিদ্ধান্ত এবং জবাবদিহিমূলক প্রশাসনিক প্রক্রিয়া নিশ্চিত করা অপরিহার্য।
শিক্ষকদের সম্মান রক্ষা এবং সরকারি সম্পদের সুরক্ষা—দুটি পরস্পরবিরোধী নয়; বরং একে অপরের পরিপূরক। এখন প্রয়োজন স্কুল ফিডিং কর্মসূচির অবশিষ্ট খাদ্যসামগ্রী ব্যবস্থাপনায় সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষককে জনসমক্ষে দোষী সাব্যস্ত না করা এবং প্রতিটি অভিযোগে সমানভাবে জবাবদিহি নিশ্চিত করা। কারণ একটি ডিম, একটি রুটি বা একটি কলার মূল্য যতই হোক না কেন, একজন শিক্ষকের মর্যাদার মূল্য তার চেয়ে অনেক বেশি। সেই মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হলে ক্ষতিগ্রস্ত হবে কেবল একজন শিক্ষক নয়, পুরো শিক্ষা ব্যবস্থা এবং শেষ পর্যন্ত রাষ্ট্রই।



