একটি সফল শিক্ষামূলক সফর শুধু নতুন স্থান দেখার সুযোগই দেয় না, বরং তা
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে একটি সতেজ ও অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করে। গত ১ আগস্ট, পূর্বধলা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এমনই এক অসাধারণ শিক্ষামূলক সফর সম্পন্ন হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এই আয়োজনটি ছিল প্রকৃতি, জ্ঞান ও সামাজিক মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত। সফরের প্রতিপাদ্য ছিল অত্যন্ত মনমুগ্ধকর: “জল জোছনার পাঠশালা”। এই নামটির মাধ্যমেই বোঝা যায়, এটি শুধুমাত্র একটি আনন্দ ভ্রমণ ছিল না, বরং জলের ছোঁয়ায় এবং প্রকৃতির স্নিগ্ধতায় জ্ঞান অর্জনের এক ভিন্নধর্মী প্রয়াস।
সফরের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন—সব ক্ষেত্রেই আয়োজকদের নিপুণতা চোখে পড়েছে। এই মহতী উদ্যোগের পেছনের কারিগর ছিলেন উপজেলার তরুণ শিক্ষকবৃন্দ, যাঁদের মধ্যে জুবায়ের আহম্মদ সোহাগ,হাফিজুর রহমান, ফকির মাহমুদ শ্রাবণ,সারোয়ার জাহান,সেলিম আহমেদ, রাশেদ আহমেদ, সৈয়দ মোস্তাফিজুর রহমান,মেহেদী হাসান নাঈম,আব্দুল্লাহ আল মামুন, সাহ্ লা উদ্দিন সাহান ও প্রান্ত সূত্রধর
এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের অক্লান্ত পরিশ্রম, সুষ্ঠু পরিকল্পনা ব্যবস্থাপনার কারণেই এই ভ্রমণটি সকলের জন্য আরামদায়ক ও স্মরণীয় হয়ে উঠেছে।
ভ্রমণটি শুধুমাত্র নবনিযুক্ত শিক্ষকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না আরও অনেক সিনিয়র শিক্ষক উপস্থিত ছিলেন। তাছাড়াও উপস্থিত ছিলেন অত্র উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো: ফজলুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামাল,মো: রুহুল আমিন, আব্দুল কদ্দুছ প্রমূখ। তাঁদের উপস্থিতি শিক্ষকদের মনোবল বৃদ্ধি করেছে এবং পুরো সফরটিকে আরও মর্যাদাপূর্ণ করেছে। এ ছাড়া প্রায় ৭০ জন শিক্ষক এবং অনেকেই তাঁদের পরিবার-পরিজন নিয়ে এই সফরে অংশ নেন। এটি ছিল একটি বড় আকারের পূর্বধলার শিক্ষক পরিবারের সম্মিলন, যেখানে আনন্দের পাশাপাশি পারস্পারিক সম্পর্কের নতুন অধ্যায় রচিত হয়েছে। কর্মক্ষেত্রের বাইরে গিয়ে এমন একটি পারিবারিক পরিবেশে মেলামেশার সুযোগ শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে এক শক্তিশালী বন্ধন তৈরি করেছে বলে আমার বিশ্বাস।
ভ্রমণসূচি ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং সময়োপযোগী। সকাল ৬টায় পূর্বধলা থেকে বাসে করে কলমাকান্দা রওনা হওয়া, তারপর সকাল ৯টায় কলমাকান্দা থেকে ইঞ্জিনচালিত বোটে চড়ে হাওরের বিশাল জলরাশির ওপর দিয়ে ট্যাকেরঘাটের দিকে যাত্রা—সবই ছিল অভিজ্ঞতায় ভরপুর। বেলা ২টায় ট্যাকেরঘাটে পৌঁছানোর পর, ছোট ছোট দলে বিভক্ত হয়ে যে যার পছন্দ মতো দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেন, অনেকে জল খেলিতেও মগ্ন ছিলেন।
চলতি পথে সচ্ছ জলের বুক ছিঁড়ে চলমান জনযান, গান,গজল, কবিতা আবৃত্তি ও কৌতুক দিয়ে মাতিয়ে রেখেছিলেন সিনিয়র শিক্ষকদের মধ্যে শফিকুল ইসলাম খান,শফিকুল ইসলাম সেলিম, জাহাঙ্গীর আলম,জাকির আহমদ খান কামাল,পারভীস আরা খানম, কানন বালা,নুরুননাহার মেবিন,মায়েদা আক্তার রোজি ও একজন অতিথি শিক্ষক মিজানুর রহমান। এই স্বাধীন ঘোরাঘুরির সুযোগ প্রত্যেককে প্রকৃতির আপন রূপে অবগাহন করার সুযোগ দিয়েছে। টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি লেক), বারেক টিলা,যাদুকাটা নদী,কৈলাশ পর্বত এবং ট্যাকেরঘাটের এই অপরূপ সৌন্দর্য্য সবাইকে মুগ্ধ করেছে। প্রকৃতিই যেন ছিল সেখানে শিক্ষক, আর হাওরের জল ও আকাশ ছিল তাঁর পাঠশালা।
বিকেল ৫টায় সবাই একসাথে বোটে উঠে ৫:১০ মিনিটে ফেরার যাত্রা শুরু। ফিরে আসার সময় প্রত্যেকের মনের প্রতিটি মুহূর্ত ছিল বিদায় বেদনায় আপ্লুত। রাত ১২টায় সবাই নিরাপদে পূর্বধলা পৌঁছে আপনালয়ে ফেরা ।
এই শিক্ষামূলক সফর শুধুমাত্র আনন্দদায়কই ছিল না, বরং এটি শিক্ষকদের মানসিক ক্লান্তি দূর করে নতুন উদ্দীপনায় কাজে ফেরার প্রেরণা। প্রকৃতিকে কাছ থেকে দেখার মাধ্যমে তাঁদের মধ্যে পরিবেশ ও প্রকৃতির প্রতি আরও সংবেদনশীলতা তৈরি হয়েছে, যা পরোক্ষভাবে শিক্ষার্থীদেরও উপকৃত করবে। “জল জোছনার পাঠশালা”—এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত এই সফর একটি সফল ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থেকে যাবে প্রত্যেকের মনোজগতে।





