নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়

কাগজের ভাঁজে বন্দি জীবন: সাতশত চিঠির আয়নায় হারিয়ে যাওয়া সারে তিন যুগ

জাকির আহমদ খান কামাল কলামিস্ট ·

কাগজের ভাঁজে বন্দি জীবন: সাতশত চিঠির আয়নায় হারিয়ে যাওয়া সারে তিন  যুগ

প্রতি বছর ১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় “আন্তর্জাতিক চিঠি দিবস”। ২০১৪ সালে অস্ট্রেলীয় আলোকচিত্রী ও লেখক রিচার্ড সিম্পকিনের উদ্যোগে দিবসটির সূচনা ঘটে। ডিজিটাল বার্তা ও তাত্ক্ষণিক যোগাযোগের এই দ্রুতগতির যুগে হাতে লেখা চিঠির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে স্মরণ করা এবং এর প্রতি মানুষের সচেতনতা বাড়ানোই এই উদযাপনের মূল লক্ষ্য।

একসময় মনের ভাব প্রকাশ, সুসংবাদ কিংবা বিরহ-বেদনার কথা জানানোর একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ছিল চিঠি। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দ কিংবা দরজার নিচ দিয়ে গলে আসা নীল খামের ভেতরে লুকিয়ে থাকত এক একটি পূর্ণাঙ্গ পৃথিবী। আজকের দ্রুতগতির এসএমএস বা ইমেইলের যুগে বার্তা পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই, কিন্তু সেখানে থেকে যায় অনুভূতির ঘাটতি। হাতে লেখা একটি চিঠিতে কেবল শব্দ থাকে না, থাকে মানুষের নিজস্ব হাতের স্পর্শ,কালির সুবাস আর সেই সময়ের মানসিক অবস্থার স্পষ্ট ছাপ। একটি চিঠি লিখতে গেলে মানুষকে তার চিন্তাগুলোকে গুছিয়ে নিতে হতো, যা যোগাযোগকে করে তুলত গভীর ও চিন্তাশীল।

চিঠির এই চিরন্তন আবেদন কেবল আবেগেই সীমাবদ্ধ নয়, এর সামাজিক ও রাজনৈতিক গুরুত্বও অপরিসীম। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কালজয়ী ব্যক্তিত্বদের লেখা চিঠিগুলো আজ ইতিহাসের অকাট্য দলিল। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা মহাত্মা গান্ধীর লেখা চিঠিগুলো সেকালের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে আজও বড় ভূমিকা রাখে।

ব্যক্তিগত ও সামাজিক স্মৃতির এক বিশাল ভাণ্ডার হতে পারে চিঠি। আমার নিজস্ব ব্যক্তিগত সংগ্রহেই রয়েছে প্রায় সাত শতাধিক হাতে লেখা চিঠি। সেখানে লুকিয়ে আছে মানুষের পরিচয় পর্ব থেকে শুরু করে মান-অভিমান, অনুভূতির বুনন, কিংবা জীবনবোধের নানা টানাপোড়েন। একটি চিঠির ভাঁজে কতটা আবেগ, কতটা অপেক্ষা আর চোখের জল কিংবা হাসির স্মৃতি জড়িয়ে থাকে, তা এই আধুনিক যোগাযোগের যুগে বসে কল্পনা করাও কঠিন।

প্রযুক্তির অগ্রযাত্রাকে থামানো সম্ভব নয়, তবে সেই যান্ত্রিকতার ভিড়েও হাতে লেখা চিঠির এই আবেগ ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা প্রয়োজন। বিশ্ব চিঠি দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত—মাসে বা বছরে অন্তত একবার হলেওপ্রযুক্তির স্ক্রিন ছেড়ে প্রত্যেক অভিভাবক তাদের সন্তানদের চিঠি লিখে অনুভূতি প্রকাশে অভ্যস্থ করা। প্রিয়জনের উদ্দেশ্যে কালির আঁচড়ে নিজের অনুভূতির কথা লেখা।

আরও পড়ুন