নোঙর পূর্বধলা, নেত্রকোণা ও সমগ্র বাংলাদেশের সংবাদ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
জাতীয়

একই সময়ে দুই জায়গায়: অলৌকিক ঘটনা নাকি সুফি সাধকদের অলৌকিক ক্ষমতা

জাকির আহমদ খান কামাল কলামিস্ট ·

একই সময়ে দুই জায়গায়: অলৌকিক ঘটনা নাকি সুফি সাধকদের অলৌকিক ক্ষমতা

ইসলামের ইতিহাসে এমন কিছু প্রখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, যাঁরা অসাধারণ মেধা, আধ্যাত্মিক সাধনা বা কারামতের (অলৌকিক ঘটনা) মাধ্যমে একই সময়ে একাধিক স্থানে উপস্থিত ছিলেন বলে বিভিন্ন রেওয়ায়েত, ইতিহাস ও সুফি সাহিত্যের বর্ণনায় পাওয়া যায়।

ইসলামের ইতিহাসে এ সংক্রান্ত কিছু উল্লেখযোগ্য দৃষ্টান্ত:-

হযরত আলী (রা.): ইসলামী ইতিহাস ও সুফি ঐতিহ্যে হযরত আলী (রা.)-এর জীবন নিয়ে বহু অলৌকিক ঘটনার বর্ণনা পাওয়া যায়। আধ্যাত্মিক ধারার বিভিন্ন গ্রন্থে উল্লিখিত আছে যে, তিনি এক রাতে বহুসংখ্যক দাওয়াত গ্রহণ করেছিলেন এবং একই সময়ে পৃথক পৃথক স্থানে অবস্থানকরে মেহমানদারি গ্রহণ করেছিলেন।

আবদুল কাদির জিলানী (র.): সুফিবাদের অন্যতম মহান পুরুষ গাউসে পাক শেখ আবদুল কাদির জিলানী (র.)-এর জীবনীতে বর্ণিত আছে যে, একবার এক সন্ধ্যায় সত্তরের বেশি মুরিদ তাঁকে নিজ নিজ ঘরে ইফতারের দাওয়াত দেন। তিনি সকলের দাওয়াত কবুল করেন। পরবর্তীতে জানা যায়, তিনি সেই একই সময়ে প্রতিজন মুরিদের ঘরে উপস্থিত হয়ে ইফতার করেছিলেন, অথচ তিনি নিজের হুজরা (কক্ষ) থেকেও বের হননি।

খাজা মঈনুদ্দিন চিশতী (র.): ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতী (র.)-এর ক্ষেত্রেও একই সাথে একাধিক স্থানে দেখা যাওয়ার রেওয়ায়েত রয়েছে। বিশেষ করে হজের দিনগুলোতে তিনি আজমীরে নিজ আস্তানায় অবস্থান করা অবস্থাতেই মক্কায় কাবার তাওয়াফরত অবস্থায় অনেকের দৃষ্টিগোচর হতেন বলে বর্ণিত আছে।

হযরত খিজির (আ.): ইসলামী বিশ্বাস অনুযায়ী হযরত খিজির (আ.)-কে আল্লাহ তাআলা বিশেষ জ্ঞান ও দীর্ঘ হায়াত দান করেছেন। বিভিন্ন যুগের আউলিয়া ও সালেহীনদের বর্ণনায় পাওয়া যায়, তিনি একই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্য আবির্ভূত হতেন।

তাসাওউফের দৃষ্টিতে তৈয়্যুল মাকান কোনো জাদু বা কৌশল নয়, এটি “কারামত”। মনে রাখতে হবে, নবী-রাসুলগণের ক্ষেত্রে অলৌকিকত্বকে বলা হয় “মুজিযা” আর ওলি-আউলিয়াদের ক্ষেত্রে তাকে বলা হয় কারামত। মুজিযা নবুওতের প্রমাণ, আর কারামত ওলির মর্যাদার নিদর্শন। কারামত বান্দার নিজস্ব অর্জন নয়, এটি সম্পূর্ণরূপে আল্লাহ প্রদত্ত দান।

তবে তাসাওউফ কখনোই কারামত প্রদর্শনকে উৎসাহিত করে না। প্রকৃত সুফিগণ কারামতকে গোপন রাখতেন, একে ইস্তেকামাত বা দ্বীনের উপর অটল থাকার তুলনায় তুচ্ছ মনে করতেন। হযরত বায়েজিদ বোস্তামি রহ. বলতেন, কারামতের মধ্যে আটকে যাওয়া সাধকের জন্য বড় ফাঁদ। তাই কোনো ব্যক্তির মধ্যে এই ধরনের অলৌকিকতা দেখা গেলেই তাকে ওলি মনে করা ভুল। শরীয়তের পূর্ণ অনুসরণই ওলি হওয়ার প্রধান মানদণ্ড, কারামত নয়। অনেক সময় ভেলকি ভাজিকেও মানুষ কারামত ভেবে বিভ্রান্ত হয়।

আধুনিক যুগে যখন সবকিছুকে পদার্থবিজ্ঞান দিয়ে মাপার চেষ্টা চলছে, তখন তৈয়্যুল মাকান আমাদের মনে করিয়ে দেয় যে, “বস্তুজগতের বাইরেও এক বিশাল আধ্যাত্মিক জগৎ বিদ্যমান, যার নিয়ন্ত্রক একমাত্র আল্লাহ।

আরও পড়ুন