হজের পরিচয় পোশাকে নয়, আচরণের
ইতিবাচক পরিবর্তনে
জাকির আহমদ খান কামাল
পবিত্র হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এটি কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; বরং মানুষের আত্মশুদ্ধি, আত্মসমর্পণ এবং নৈতিক উৎকর্ষ অর্জনের এক অনন্য প্রশিক্ষণ। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসলমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজ পালন করেন এবং জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশের প্রত্যাশা নিয়ে দেশে ফিরে আসেন।
আমিও চলতি বছর মহান আল্লাহর অশেষ রহমতে সস্ত্রীক হজের সকল কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করে ৩০ মে দেশে ফিরেছি। আল্লাহর দরবারে কৃতজ্ঞ যে তিনি আমাকে তাঁর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য দান করেছেন।
কিন্তু দেশে ফেরার পর একটি বিষয় লক্ষ্য করছি, অনেকেই আমার পোশাক-পরিচ্ছদ ও স্বাভাবিক চলাফেরা দেখে বিস্মিত হন।
তাদের প্রত্যাশা, আমি সবসময় পাঞ্জাবি-পায়জামা পরব, মাথায় টুপি রাখব এবং এমন একটি বাহ্যিক পরিচয় বহন করব যাতে সবাই সহজেই বুঝতে পারে আমি একজন হাজি।
আমি তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। তবে আমার উপলব্ধি কিছুটা ভিন্ন। হজের মূল শিক্ষা কি কেবল পোশাক পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ? আরাফার ময়দান, মুজদালিফার রাত, মিনার তাঁবু কিংবা কাবা শরিফের সামনে দাঁড়িয়ে যে শিক্ষা মানুষ লাভ করে, তা কি শুধু বাহ্যিক পরিচয়ের জন্য?
আমার বিশ্বাস, হজের প্রকৃত প্রভাব প্রকাশ পাওয়ার কথা মানুষের চরিত্রে, আচরণে, সততায়, সহনশীলতায় এবং মানবিকতায়। একজন হাজি যদি মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করেন, মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকেন, মানুষের অধিকার রক্ষা করেন এবং বিনয়ী জীবনযাপন করেন, তবে সেটিই হজের সবচেয়ে বড় পরিচয়। পোশাক মানুষকে সম্মানিত করতে পারে, কিন্তু চরিত্রই মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারণ করে।
দুঃখজনকভাবে আমাদের সমাজে কখনো কখনো হজের আধ্যাত্মিক অর্জনের চেয়ে বাহ্যিক প্রতীককে বেশি গুরুত্ব দেওয়া হয়। অথচ হজ মানুষকে অহংকার নয়, বিনয় শেখায়। প্রদর্শন নয়, আত্মগোপন শেখায়। পরিচয়ের দাবি নয়, দায়িত্ববোধের শিক্ষা দেয়।
আমি চাই না কেউ আমার পোশাক দেখে আমাকে আলাদা করে চিনুক। চাই না “হাজি সাহেব” সম্বোধন আমার পরিচয়ের প্রধান অংশ হয়ে উঠুক। বরং আমার কথা, কাজ, ন্যায়পরায়ণতা, দায়িত্বশীলতা এবং মানুষের প্রতি ভালোবাসা দেখে যদি কেউ বলে—এই মানুষটির মধ্যে হজের শিক্ষা প্রতিফলিত হয়েছে—তবেই মনে করব আমার হজের কিছুটা হলেও সার্থকতা অর্জিত হয়েছে।
হজের প্রকৃত পরিচয় মাথার টুপিতে নয়, হৃদয়ের পরিবর্তনে; পোশাকের আড়ম্বরে নয়, চরিত্রের দীপ্তিতে। এ সত্য যত বেশি উপলব্ধি করা যাবে, ততই হজের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে বাস্তব অর্থে প্রতিফলিত হবে বলে আমার বিশ্বাস।
জাকির আহমদ খান কামাল